আমরা দুজন একটি গাঁয়ে থাকি,
     সেই আমাদের একটিমাত্র সুখ।
তাদের গাছে গায় যে দোয়েল পাখি
     তাহার গানে আমার নাচে বুক।
তাহার দুটি পালন-করা ভেড়া
     চড়ে বেড়ায় মোদের বটমূলে,
যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া
     কোলের 'পরে নিই তাহারে তুলে।

          আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
          আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
          আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে,
          আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।।

দুইটি পাড়ায় বড়োই কাছাকাছি,
     মাঝে শুধু একটি মাঠের ফাঁক।
তাদের বনের অনেক মধুমাছি
     মোদের বনে বাঁধে মধুর চাক।
তাদের ঘাটে পূজার জবামালা
     ভেসে আসে মোদের বাঁধা ঘাটে,
তাদের পাড়ার কুসুম-ফুলের ডালা
     বেচতে আসে মোদের পাড়ার হাটে।

          আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
          আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
          আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে,
          আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।।


(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)